
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম (৭৪) শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী সানজিদা ইসলাম, একমাত্র পুত্র সাফাকাত ইসলাম এবং অগণিত ছাত্র ও ভক্ত রেখে গেছেন।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আগামীকাল শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন সম্পন্ন করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও এম সি কলেজে। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৭২ সালে স্নাতকোত্তর, এবং ১৯৮১ সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য গল্পগ্রন্থ, উপন্যাস ও প্রবন্ধের পাশাপাশি মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম ও শামসুর রাহমানের ওপর গবেষণা রয়েছে। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৬) ও একুশে পদক (২০১৮) লাভ করেন।
সাহিত্যকর্মে তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে, স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প (১৯৯৪), থাকা না থাকার গল্প (১৯৯৫), কাঁচ ভাঙ্গা রাতের গল্প (১৯৯৮), অন্ধকার ও আলো দেখার গল্প (২০০১), প্রেম ও প্রার্থনার গল্প (২০০৫) ও অন্যান্য। উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য আধখানা মানুষ্য (২০০৬), দিনরাত্রিগুলি, আজগুবি রাত, তিন পর্বের জীবন, যোগাযোগের গভীর সমস্যা নিয়ে কয়েকজন একা একা লোক, ব্রাত্য রাইসু সহযোগে, কানাগলির মানুষেরা।
গবেষণা ও প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য নন্দনতত্ত্ব (১৯৮৬), কতিপয় প্রবন্ধ (১৯৯২), অলস দিনের হাওয়া, মোহাম্মদ কিবরিয়া, সুবীর চৌধুরীর সহযোগে, রবীন্দ্রানাথের জ্যামিতি ইত্যাদি। মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম ও শামসুর রাহমানের উপর গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন।
ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে তিনি গত সপ্তাহে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচার ও লাইফ সাপোর্টের পরেও শরীরের অবস্থার অবনতি হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো