প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:৩০ পিএম

ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া কখনোই সেফ এক্সিট চাননি। তিনি দেশের মাটিতেই থাকতে চেয়েছেন, কারণ তাঁর অন্তরে সততার শক্তি রয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারি গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে সমালোচনা থাকলেও অন্তর্বর্তী সরকারের ইতিবাচক কাজগুলোও তুলে ধরতে হবে। তিনি বলেন, ‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক। যে কেউ দুর্নীতি বা অপরাধে জড়িত থাকলে তার বিচার হওয়া উচিত।’
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচিতে দেশের ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশনই আগামী দিনের রাজনীতির দিকনির্দেশনা দেবে,’ যোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাগলাটারি গ্রামের মোস্তাকিন আলী ৩০ বছর ধরে গরু ছাড়া নিজে ঘানি টেনে জীবিকা চালিয়ে আসছিলেন। তাঁর মানবিক সহায়তায় তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে দুটি ব্যাটারিচালিত ভ্যান ও নগদ অর্থ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে নিহত সাজ্জাদ ও নাঈম বাবুর পরিবারের হাতে সহায়তাও তুলে দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো