প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:১২ পিএম

আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকাদান ক্যাম্পেইন–২০২৫। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ (৯ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন কুড়িগ্রামের উদ্যোগে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুহাইমিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. মো. আতিকুর রহমান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, টাইফয়েডসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে টিসিভি টিকাদান ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও স্বাস্থ্যসুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।
প্রেস ব্রিফিংয়ে টিকাদান কার্যক্রমের উদ্দেশ্য, সময়সূচি ও লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার সব উপজেলা, স্কুল ও কমিউনিটি পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং সুষ্ঠুভাবে টিকা প্রদান নিশ্চিত করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
টিসিভি ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করছে স্বাস্থ্য অধিদপ্তর, গ্যাভি, পাথ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
স্বদেশ প্রতিদিন/এনআর