প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:০৮ পিএম

সংগৃহীত ছবি
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) গাজা অভিমুখী নৌযান থেকে ইসরায়েলি বাহিনী কর্তৃক অপহৃত বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শহিদুল আলমকে মুক্ত করে বাংলাদেশে ফেরত নিয়ে আসার দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন – নদী থেকে সাগর পর্যন্ত, ফিলিস্তিন হবে স্বাধীন; ফিলিস্তিনে মানুষ মরে, জাতিসংঘ কি করে; স্বপ্ন দেখি প্রতিদিন, স্বাধীন হবে ফিলিস্তিন; তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন; শহিদুল আলম আটক কেন, জাতিসংঘ জবাব চাই।
সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আমরা দেখেছি যে সাত দশকের বেশি সময় ধরে ইসরাইলি বর্বর বাহিনী কিন্তু ফিলিস্তিন গাজায় গণহত্যা চালাচ্ছে এবং জাতিগত নিধনে তারা মিশনে নেমেছে। সেই প্রতিবাদে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবসময় শিক্ষার্থীরা সচেতন ছিলাম।
আমরা দেখেছি সুমুদ ফ্লোটিলা গাজায় যে মানবিক যে মিশনে গিয়েছিল সেই নৌযান থেকে বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেফতার করেছে ইসরাইল বাহিনী। তারা তাকে অপহরণ করেছে এবং কোথায় নিয়ে গেছে সেটার সন্ধানও নেই। অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমার আহ্বান যে তারা যেন কূটনৈতিক প্রক্রিয়ায় অতি দ্রুত শহিদুল আলমকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যাবস্থা করেন।
এর আগে, আজ বুধবার এক ভিডিও বার্তায় জানা যায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) গাজা অভিমুখী নৌযান থেকে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী অপহরণ করে।
প্রসঙ্গত, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব নৌবহর প্রায়শই ইসরায়েলি বাহিনীর বাধা ও দমননীতির শিকার হয়।