
ফাইল ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবির একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করেছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী ইব্রাহিম হোসেন শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের ইতিহাস বিভাগের ৩৩২৩ নম্বর কক্ষে প্রায় ২০ মিনিট অবস্থান করে সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচারণা চালান। এতে চলমান ক্লাস ব্যাহত হয় এবং এটি নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে তারা দাবি করে।
অন্যদিকে একই দিন শিবিরও নির্বাচন কমিশনের কাছে পাল্টা অভিযোগ জমা দেয়। তাদের অভিযোগে বলা হয়—ছাত্রদল কর্মী নাঈম উদ্দিন আইন অনুষদের এলএলএম শ্রেণিকক্ষে পাঠদান চলাকালীন প্রবেশ করে প্রচারণা চালান, লিফলেট বিতরণ করেন এবং প্রতিদ্বন্দ্বী প্যানেলের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন, যা ক্লাসের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, শিবিরসমর্থিত প্রার্থীর আচরণবিধি ভঙ্গের প্রমাণ থাকা সত্ত্বেও তারা উল্টো অভিযোগ তুলছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা আশা করছি।
অভিযোগ অস্বীকার করে শিবির প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি জানান, তিনি প্রচারণার জন্য ক্লাসরুমে যাননি; বরং বিভাগের কাজে সেখানে গেলে শিক্ষার্থীরা তাকে ডেকে প্রশ্ন করলে তিনি মাত্র এক মিনিটের মতো কথা বলেন। সাউন্ড সিস্টেম ব্যবহার হলেও তা প্রচারণার উদ্দেশ্যে নয় বলে দাবি করেন তিনি।
অন্যদিকে শিবির সমর্থিত 'সম্প্রীতির শিক্ষার্থী জোট' প্যানেলের প্রার্থী মেহেদী হাসান সোহান অভিযোগ করেন, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এলএলএম শ্রেণিকক্ষে ছাত্রদল কর্মী নাঈম উদ্দিন প্রচারণা চালানোর পাশাপাশি ঘৃণামূলক মন্তব্য করেন এবং পাঠদানের পরিবেশ নষ্ট করেন।
তাদের অভিযোগে বলা হয়, এটি চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি ২০২৫-এর ধারা ৪(৩) লঙ্ঘন, যেখানে ক্লাসরুম বা পাঠদান চলাকালে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ।
অভিযোগের সঙ্গে জমা দেওয়া ভিডিওতে দেখা যায় নাঈম উদ্দিন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এর লিফলেট বিতরণ করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘হৃদয় পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন।’ এ ঘটনায় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানায় শিবির প্যানেল।
চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, আমাদের কাছে ভিডিও প্রমাণ রয়েছে। ছাত্রদল প্রচারণার পাশাপাশি উসকানিমূলক বক্তব্য দিয়েছে।
অন্যদিকে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, যদি কেউ স্বতঃপ্রণোদিত হয়ে লিফলেট বিতরণ করে থাকে, তার দায় তিনি নেন না।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে এবং আচরণবিধি মনিটরিং কমিটির প্রধান প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ বিষয়টি যাচাই করছেন। খুব শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাকসু নির্বাচন আচরণবিধিমালার ধারা ৪(ঙ)-এ স্পষ্টভাবে বলা আছে, যেখানে ক্লাস বা পরীক্ষা হয় সে স্থান বা আশপাশে কোনো সভা-সমাবেশ বা শব্দসৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ। শিক্ষার পরিবেশ ব্যাহত হয় এমন কোনো কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
স্বদেশ প্রতিদিন/শাহো