
তিন দলের মধ্যে ইগো সমস্যাই এখন জাতীয় ঐক্যের অন্যতম বাধা: মজিবুর রহমান মঞ্জু
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের মানুষ শান্তি ও ঐকমত্য চায়, কিন্তু সীমান্তের ওপারের কিছু চাওয়া বিভেদ, সংঘাত ও বিভক্তির জন্ম দিচ্ছে। তিনি গণভোট কবে হবে তা স্পষ্টভাবে জানাতে সরকারের প্রতি আহ্বান জানান।
আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের শেষ পর্যায়ের বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, গণভোট আয়োজনের বিষয়ে ঐকমত্য থাকলেও, তা জাতীয় নির্বাচনের আগে হবে নাকি একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে দ্বিধা ও বিভাজন দেখা যাচ্ছে।
বিএনপি-জামায়াত ও এনসিপি তিন দলের মধ্যে ইগো সমস্যাই এখন জাতীয় ঐক্যের অন্যতম বাধা বলেও জানান তিনি।
বৈঠকটি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় এবং কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক দলের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে ‘সংবিধান আদেশ’, ‘অধ্যাদেশ’ নাকি ‘জুলাই সনদ আদেশ’ হিসেবে জারি হবে এ নিয়ে বিতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, চূড়ান্ত ঐকমত্য না হলে সরকারের বা কমিশনের উচিত বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে একটি স্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা করা।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক নোট অব ডিসেন্ট প্রসঙ্গে বলেন, জুলাই সনদের প্রতিটি বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে সম্পূর্ণ ঐকমত্য নেই। গণভোটের মাধ্যমে এই বিতর্ক সমাধানের পথ খোলা যাবে। যদি গণভোটে ইতিবাচক রায় আসে, তবে নোট অব ডিসেন্ট দেওয়া দলগুলোকে জনরায়ের মাধ্যমে প্রত্যাখ্যাত হিসেবে গণ্য করা হবে।
তিনি আরো বলেন, জনগণ জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের জন্যই গণভোটে সমর্থন প্রদান করবে।