প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:১৪ পিএম আপডেট: ০৮.১০.২০২৫ ৭:১৭ PM

সংগৃহীত ছবি
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামী ১৫ ও ১৬ অক্টোবর কমিশন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে সই করাতে চায়।
আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আলী রীয়াজ বলেন, এই আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, গণভোট বাস্তবায়নের জন্য দলগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হবে এবং নোট অব ডিসেন্টগুলো বিবেচনায় নেওয়া হবে।
এছাড়াও, গণভোট প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার ক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোও বিবেচনায় নেওয়ার কথা তিনি উল্লেখ করেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় এবং দু’এক দিনের মধ্যেই আলোচনার ইতি টানা হবে বলে আশা প্রকাশ করেন।