প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৩:১০ পিএম

সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের (বর্তমানে প্রধান উপদেষ্টা দপ্তর) এসএসএফের (বিশেষ নিরাপত্তা বাহিনী) অফিস স্টাফ মো. ইমরানকে (৩০) চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণার অভিযোগে করা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র।
তিনি জানান, গত ১৭ আগস্ট বাদী ও আসামির মধ্যে আপসের শর্তে আদালত ইমরানকে জামিন দেন। তবে নির্ধারিত তারিখে আপস না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আইনজীবী আরও জানান, ইমরান বর্তমানে প্রধান উপদেষ্টা দপ্তরের এসএসএফের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত। তবে প্রতারণার সময় তিনি নিজেকে এসএসএফ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে (বর্তমান প্রধান উপদেষ্টা দপ্তর) অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার কথা বলে বাদী সুবাস মালোর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নেন ইমরান। পরে চাকরি না দিয়ে বিভিন্ন অজুহাতে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং প্রাণনাশের হুমকি দেন।
২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর বাদী সাত দিনের মধ্যে টাকা ফেরতের জন্য লিগ্যাল নোটিশ পাঠান, কিন্তু ইমরান টাকা ফেরত দেননি। পরে সুবাস মালো প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।
ওই মামলায় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তেজগাঁও থানার উপপরিদর্শক মো. মমতাজ উদ্দিন আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন।
পরবর্তীতে আদালত আসামিকে হাজির হতে নির্দেশ দিলেও উপস্থিত না হওয়ায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানার ভিত্তিতে চলতি বছরের ১৪ আগস্ট ইমরান গ্রেপ্তার হন।
গ্রেপ্তারের তিন দিন পর আপসের শর্তে জামিন পান তিনি। কিন্তু উভয় পক্ষের মধ্যে আপস না হওয়ায় মঙ্গলবার আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।