প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ AM আপডেট: ০৮.১০.২০২৫ ১১:৫৭ এএম

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলাম-এর এক নেতা মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজতের নেতাকর্মীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, শত শত গাড়ি আটকা পড়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, ‘তারা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে এবং সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলোচনা করছি।’
মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, মাওলানা সোহেল মোটরসাইকেলে করে ওই সড়ক অতিক্রম করছিলেন, তখন পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। আশপাশের মানুষ দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হেফাজতে ইসলামের একাধিক কর্মী জানিয়েছেন, মাওলানা সোহেল রাউজান এলাকায় পরিচিত একজন আলেম ও সংগঠক ছিলেন। তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম