প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১১:১০ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ১১:২০ PM

ফাইল ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাসেদুল ইসলামকে সংগঠনের সভাপতি পদ উৎসর্গ করেছে বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
গত রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে বজ্রপাতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন রাসেদুল ইসলাম। তিনি কুমিল্লা জেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, রাসেদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ ভবিষ্যতে সংগঠনটিতে ‘সভাপতি’ পদে আর কাউকে নিযুক্ত করা হবে না। এই পদটি চিরদিনের জন্য রাসেদের নামে উৎসর্গ করা হলো।
সংগঠনটির সাধারণ সম্পাদক আসিফ হাসান প্লাবন বলেন, সংগঠনের প্রতি রাসেদের অসীম ভালোবাসা, নিষ্ঠা, নেতৃত্বগুণ ও আত্মত্যাগের মাধ্যমে তিনি সকলের হৃদয়ে অমর হয়ে আছেন। তাঁর নেতৃত্বে কুমিল্লা এসোসিয়েশন ঐক্যবদ্ধ হয়েছিল এবং কার্যক্রমে নতুন মাত্রা পেয়েছিল। তাঁর অকালপ্রয়াণে আমরা সবাই শোকাহত। তাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ যোহর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রাসেদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত রবিবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের ঘটনায় প্রাণ হারান রাসেদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে উজানচর-ঘাঘুটিয়া খেয়া পারাপারের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাটি ঘটে। এসময় নৌকায় থাকা আরও দুই নারীও মৃত্যুবরণ করেন।
স্বদেশ প্রতিদিন/শাহো