প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:৪১ পিএম

পাবনা শহরের মাসুম বাজার থেকে বিআরটিএ বাসস্ট্যান্ড ও জামেয়া আশরাফিয়া মাদ্রাসা পর্যন্ত প্রধান সড়কের বেহাল দশা দূরীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পাবনা বাস ডিপোর সামনে মাদ্রাসার উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। এতে দুই সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে সড়ক সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয়।
সভায় মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আমিনুর রহমান সভাপতিত্ব করেন। মূল বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফ আলী প্রামানিক। সঞ্চালনা করেন নায়েবে মুহতামিম মুফতি নাজমুল হুসাইন, এবং দোয়া পরিচালনা করেন সাইখুল হাদিস আলহাজ্ব হারুনুর রশীদ মাদানী।
বক্তারা অভিযোগ করেন, “এমপি, ডিসি ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিন মাসের মধ্যে কাজ হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তিন বছর পার হয়ে গেলেও কাজ শুরু হয়নি। আগামী এক মাসের মধ্যে সংস্কারকাজ শুরু না হলে আরও জোরদার আন্দোলন ও প্রয়োজনে সড়ক অবরোধ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বিআরটিসি বাস ডিপো মোড় থেকে চেতনের মোড় পর্যন্ত প্রায় পাঁচশ’ গজ দীর্ঘ এই সড়ক খানা-খন্দে ভরা ও চলাচল অযোগ্য। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন এ রাস্তা ব্যবহার করছে। বৃষ্টির সময়ে হাঁটু পানি জমে যায়, আর রোদে ধুলোয় ঢাকা পড়ে। রাস্তাটির পাশে শতাধিক দোকান ও অস্থায়ী বাজার রয়েছে, যেখানে দিনে চার থেকে পাঁচ হাজার মানুষ কেনাকাটা করেন।
জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। শিক্ষার্থীদের নিত্য যাতায়াতের কারণে রাস্তাটির বেহাল অবস্থায় তারা দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় মসজিদের মুসল্লিরাও একই সমস্যার মুখে পড়ছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, “পাবনা বিআরটিসি বাস ডিপোর মোড় থেকে চেতনের মোড় পর্যন্ত সড়কটি জরুরি ভিত্তিতে কংক্রিট ঢালাই ও সংস্কার করা প্রয়োজন। দীর্ঘদিনের অবহেলায় এটি ভগ্নদশায় পরিণত হয়েছে, যা জীবনযাত্রা ও ব্যবসায়িক কার্যক্রমে বড় ক্ষতির কারণ হচ্ছে। দেড় যুগ ধরে সংস্কারহীন এই সড়ক দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ