প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ পিএম

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক করা গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলের সরকারি সূত্র জানায়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন এবং তাদের গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে।
মুক্তি পাওয়া ব্যক্তিরা গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক।
এই ঘটনাটি ঘটে এমন সময়ে, যখন গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে মিশরে।
হামাসের প্রতিনিধি দল ইতোমধ্যে কায়রো পৌঁছেছে। ইসরায়েলি প্রতিনিধিরাও সোমবার আলোচনায় যোগ দেবেন বলে জানানো হয়েছে।
ওয়াশিংটন আশা প্রকাশ করেছে, এই আলোচনা হয়তো দুই বছর ধরে চলা গাজা সংঘাতের অবসান ঘটাতে পারে।
অন্যদিকে, রেডক্রস জানিয়েছে, তারা হামাসের কাছে বন্দি ইসরাইলি জিম্মিদের নিজ দেশে ফিরিয়ে আনতে এবং গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ