প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:০৭ পিএম

নওগাঁর পোরশা উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনে স্বাবলম্বীতার আলো জ্বালাতে শুরু হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সরকারি সহায়তায় পাওয়া ছাগী যেন হয়ে উঠছে তাদের জীবনের নতুন আশার আলো।
সোমবার (৬ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০০ জন সুফলভোগীর মাঝে ছাগী বিতরণ করা হয়। এই প্রকল্পের লক্ষ্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম।
তিনি বলেন, ‘প্রকৃত উন্নয়ন তখনই সফল হয়, যখন সমাজের শেষ মানুষটিও তার সুফল পায়। এই ধরনের উদ্যোগ সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ছাগী হাতে পেয়ে খুশি সুফলভোগীরা বললেন ‘এ যেন তাদের জীবনে নতুন পথচলার সূচনা। আগে যারা পশু পালনের চিন্তাও করতেন না, এখন তারা ছাগল পালনের মাধ্যমে স্বপ্ন দেখছেন সংসারের অবস্থার পরিবর্তনের।’
এই প্রকল্প শুধু ছাগল বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি দীর্ঘমেয়াদি সামাজিক বিনিয়োগ। উদ্দেশ্য হলো—অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের আত্মনির্ভরশীল করে তোলা।
প্রতিনিধিদের মতে, আগামী দিনে এই নৃ-গোষ্ঠীর মানুষগুলো নিজেরাই দাঁড়িয়ে যাবে নিজের পায়ে। সরকারের এমন উদ্যোগে এলাকাবাসীর মধ্যেও ব্যাপক প্রশংসা লক্ষ্য করা যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম