
ফাইল ছবি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের হাতে আটক হওয়ার পর টাকার বিনিময়ে ছাড়া পাওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার নতুনবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন ওইদিন বিকেলে “হোয়াইট হাউস রেস্টুরেন্টে” খাবারের উদ্দেশ্যে গেলে মতলব উত্তর থানার এসআই জাফর আহমেদ ও এএসআই মনির হোসেন তাকে আটক করেন। তবে থানায় নেওয়ার পথে কথিতভাবে সোর্সদের মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
পরে কবির হোসেন নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, “আল্লাহ তায়ালা যা করেন মানুষের কল্যাণেই করেন, আলহামদুলিল্লাহ।”
তার এই পোস্ট স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, হোয়াইট হাউস রেস্টুরেন্টের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত সত্য সামনে চলে আসবে।
এদিকে, এসআই জাফর আহমেদকে সম্প্রতি একটি অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। এতে তার রাজনৈতিক সম্পৃক্ততা ও দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় মতলব উত্তর উপজেলা বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার মাধ্যমে একজন নিষিদ্ধ সংগঠনের নেতাকে আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
তাদের অভিযোগ, “সারাদেশে অপরাধীদের ধরতে অপারেশন ডেবিল হান্ট চলছে। অথচ স্থানীয় প্রশাসনের কিছু সদস্য এখনও ফ্যাসিস্টদের সহযোগী হয়ে কাজ করছে।”
এ বিষয়ে জানতে এসআই জাফর আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব জানান, আমি বর্তমানে চাঁদপুরের বাইরে আছি। আগামী ৭-৮ অক্টোবর কর্মস্থলে ফিরে বিষয়টি খোঁজখবর নেব। যদি সত্যিই আটক ব্যক্তিকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে থাকে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো