প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:৪৮ পিএম

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আক্রান্তের হার কিছুটা কমলেও প্রতিদিন নতুন করে বহু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজারের কাছাকাছি, আর মৃত্যুর সংখ্যা পেরিয়েছে অর্ধশত।
শনিবার (৪ অক্টোবর) বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে ৩৬ জন, পাথরঘাটায় ১০ জন, বেতাগীতে ৪ জন এবং বামনায় ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সারা মৌসুমে বরগুনায় মোট ৭ হাজার ৫১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডেঙ্গুতে এ পর্যন্ত বরগুনা জেলার হাসপাতালগুলোতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরগুনার বাইরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩৮ জন রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে জেলার মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, “কিছুদিন ধরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও অক্টোবরের শুরুতে আবারও বাড়তে পারে। গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে। এভাবে ওঠানামা করতে পারে। এখনই ডেঙ্গুর প্রকৃত চিত্র নির্ণয় করা কঠিন, আরও কিছুদিন না গেলে স্পষ্টভাবে বলা যাবে না।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে