প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:৪৪ পিএম

প্রতীকী ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো তৈরি করার জন্য জাতীয় বেতন কমিশন গঠিত হয়েছে। ন্যায়সংগত ও টেকসই সুপারিশ করার জন্য কমিশন সব নাগরিকের মতামত নিচ্ছে।
বেতন কাঠামো সংক্রান্ত মতামত দিতে কমিশনের ওয়েবসাইটে (paycommission2025.gov.bd) প্রবেশ করতে হবে। চারটি ক্যাটাগরিতে মোট ৩২টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে ১১ নম্বর প্রশ্নটি হলো: প্রস্তাবিত পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কী হওয়া উচিত? উত্তর দেয়ার জন্য অপশন দেওয়া হয়েছে: ১:৮, ১:১০, ১:১২ এবং অন্যান্য।
বোঝার সুবিধার্থে, ১০০ টাকা বেতন ধরে ১:৮ অনুপাতে সর্বনিম্ন (২০তম) গ্রেডের বেতন ১০০ হলে সর্বোচ্চ হবে ৮০০ টাকা। একইভাবে ১:১০ অনুপাতে নির্ধারণ হলে ১০০০ টাকা এবং ১:১২ অনুপাতে সর্বোচ্চ বেতন হবে ১ হাজার ২০০ টাকা।
উদাহরণস্বরূপ, যদি সর্বনিম্ন গ্রেডের বেতন ২০তম গ্রেডে ১৬ হাজার টাকা ধরা হয়:
১:৮ অনুপাত: সর্বোচ্চ গ্রেডের বেতন ১ লাখ ২৮ হাজার টাকা
১:১০ অনুপাত: সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা
১:১২ অনুপাত: সর্বোচ্চ বেতন ১ লাখ ৯২ হাজার টাকা
“অন্যান্য” অপশন অনুযায়ী কেউ ১:৪ বা ১:১৫ অনুপাতও দিতে পারে। তবে গড় হিসেবে ১:৮ বা ১:১০ অনুপাত বেশি প্রাধান্য পেতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন গ্রেডের ১৬ হাজার বেসিকসহ মোট ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের দেড় লাখ বেসিকসহ যা বেতন পাবেন, কিন্তু তাতেও বৈষম্য থেকে যাবে।
২০তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা জানান, বাজারের খরচ সমান থাকায়, উচ্চগ্রেড কর্মকর্তাদের ব্যয় যেমন বেড়েছে, তাদেরও বেড়েছে। ফলে ১:৮ বা ১:১০ অনুপাত বেতন বৃদ্ধি করলেও টাকার পার্থক্য অনেক থাকবে, যা সাধারণ কর্মচারীদের অর্থনৈতিক চাপ কমাবে না, বরং বাড়িয়ে দিতে পারে।
স্বদেশ প্রতিদিন/শাহো