প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:৫১ AM আপডেট: ০৪.১০.২০২৫ ৪:১৬ PM

সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে একটি বিরাট ইলিশ মাছ নিলামে উঠিয়ে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছটি সাগরে মাছ শিকার করার সময় রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে ধরা পড়ে।
শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার মাছঘাটে হেলাল ব্যাপারীর আড়তে মাছটি নিলাম উঠানো হয়। মাছটির ওজন ৩.৪ কেজি।
মফিজ মাঝি জানান, তিনদিন আগে ১০জন জেলে সঙ্গে নিয়ে তারা সাগরে মাছ শিকার করতে যান। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে জাল তুলতে গিয়ে অন্যান্য ইলিশের সঙ্গে একটি বড় ইলিশও ধরা পড়ে। পরে মাছটি আড়তে নিয়ে আসা হয় এবং নিলামে বিক্রি করা হয়।
আড়তদার হেলাল ব্যাপারী বলেন, মাছটি আমাদের ঘাটে প্রথমবার ১০ হাজার টাকায় বিক্রি হলো। এত বড় আকারের ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না।
সর্বোচ্চ দামে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী অজি উল্যাহ ব্যাপারী। তিনি জানান, বড় ইলিশটি ঢাকার মোকামে পাঠানো হবে। আশা করছি সেখানে ১৪–১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো।
স্বদেশ প্রতিদিন/শাহো