প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৮:৩১ পিএম

যশোর সদর উপজেলার দক্ষিণ তালবাড়ীয়া মাঠপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মা ও ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। আহত মমতাজ বেগমের (৫৩) কান ছিঁড়ে স্বর্ণের দুল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত মমতাজ বেগম নিজেই কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন তার প্রতিবেশী হাসিবুল (৫৫) ও তার স্ত্রী চায়না (৪৮)।
অভিযোগে বলা হয়েছে, মমতাজ বেগম বাড়ির সামনে বসে ছিলেন। এ সময় অভিযুক্তরা গালাগাল করতে থাকেন। প্রতিবাদ করলে তাকে টেনে নিজেদের উঠানে নিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
এ সময় চায়না নামের এক নারী মমতাজ বেগমকে কামড় দেন এবং কানের দুল ছিনিয়ে নেন, যাতে তার কান রক্তাক্ত হয়ে যায়।
এছাড়া হাসিবুল মমতাজ বেগমের পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
মা’কে বাঁচাতে এগিয়ে গেলে ছেলে নূর মোহাম্মদ (২৩)-এর ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে লোহার শাবল দিয়ে তার মাথায় আঘাত করতে গেলে সে ডান হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে হাতের কব্জি গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা হুমকি দিয়ে সেখান থেকে সরে যায়।
আহত মা-ছেলেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে মমতাজ বেগমকে ভর্তি ও নূর মোহাম্মদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘মামলার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তামিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম