প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৭:৪৭ পিএম

ফিলিসগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইজরায়েলের আক্রমণের প্রতিবাদে শাহবাগে প্রতিবাদ সমাবেশ করেছে ফিলিস্তিন সংহতি কমিটি।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল চারটায় শাহবাগ মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিখ্যাত কলামিস্ট কল্লোল মোস্তফা বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো দেশের উপকূল থেকে সমুদ্রের গভীরে ১২ নটিক্যাল মাইল বা ২২ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ এবং পূর্ণ সার্বভৌমত্ব থাকে ওই দেশের। বুধবার রাতে ইসরায়েলি বাহিনী যখন ফ্লোটিলার নৌবহরে হানা দেয়, তখন গাজা উপকূল থেকে ফ্লোটিলার দূরত্ব ছিল ১২৯ কিলোমিটার এবং গন্তব্য ছিল ফিলিস্তিনের গাজার সার্বভৌম সমুদ্র সীমার দিকে যেদিকে ত্রাণ নিয়ে যাত্রায় বাধা দেয়ার অধিকার ইসরায়েলের নাই। ফলে ইসরায়েল আন্তর্জাতিক সমুদ্র পথে থাকা ত্রাণবাহি নৌবহরে বাধা দিয়ে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।”
তিনি আরও বলেন, “প্রতিনিয়ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন পৃষ্ঠপোষকতার জোরে ইসরায়েল পার পেতে থাকলেও ধীরে ধীরে সারা বিশ্বের সমর্থন হারাচ্ছে। ফলে ইসরায়েল আজকে অন্য যে কোন সময়ের তুলনায় একঘরে ও প্রতিবাদের মুখে পড়েছে। কোন একটা প্রতিবাদ কর্মসূচি আলাদা ভাবে যথেষ্ট শক্তিশালী না হলেও সকল ধরনের সম্মিলিত ও ধারাবাহিক প্রতিবাদ শত্রুকে দুর্বল করবেই।”
ফিলিস্তিন সংহতি কমিটির সদস্য তাহেরা বেগম বলেন, “আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, পক্ষে থাকব। এ পক্ষে থাকার অর্থ হচ্ছে, যারা এ হত্যাকাণ্ড ঘটাচ্ছে বা যে ব্যবস্থা এ হত্যাকাণ্ড ঘটাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এ সংগ্রাম। আমরা এ ব্যবস্থার বিরুদ্ধে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে