প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ খান সাহেব (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত খান সাহেব সাহেবনগর গ্রামের শুক্কু মিয়ার ছেলে।
নবীনগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম এর নেতৃত্বে সাহেবনগরের ইরা কাজী বাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক উদ্ধার করা হয়।
ওসি শাহীনূর ইসলাম জানান, খান সাহেবের বিরুদ্ধে আগেও হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি নদীপথে অস্ত্রের মহড়া দিচ্ছিলেন এবং পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনাতেও জড়িত বলে অভিযোগ রয়েছে।
ওসি আরও বলেন, “অভিযানের সময় তাকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে