প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:০৯ পিএম

সাতক্ষীরায় পূজার ছুটির ফাঁকে একের পর এক তিনটি বাড়িতে চুরির ঘটনায় শহরজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় একজন সাংবাদিক, এক ব্যাংক কর্মকর্তা ও এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় অন্তত ১২০ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
চুরি হওয়া তিনটি বাড়িই শহরের গুরুত্বপূর্ণ এলাকায়। ঘটনাগুলো ঘটেছে সাতক্ষীরা শহরের মেহেদীবাগ, ঘোষপাড়া ও কাটিয়া এলাকায়।
প্রথম চুরির ঘটনা ঘটে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কাটিয়া সর্বজনীন পূজামণ্ডপ সংলগ্ন জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতে। পূজার ব্যস্ততার সুযোগে দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং ৬৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল চুরি করে।
পরদিন বুধবার (১ অক্টোবর) রাতে চুরি হয় সিনিয়র সাংবাদিক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে। রাত সাড়ে ১২টার দিকে পূজামণ্ডপ থেকে ফিরে তিনি দেখেন, গেট ও ঘরের তালা ভাঙা, ঘরের সবকিছু তছনছ করা। চুরি হয়েছে নগদ ৯ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার, মোট ক্ষতি প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।
একই রাতে চুরি হয় পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে। রাত সাড়ে ৮টার পর কোনো এক সময়ে দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।
এমন দুঃসাহসিক ও ধারাবাহিক চুরির ঘটনায় শহরে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। নগরবাসীর মাঝে ছড়িয়ে পড়েছে চোর আতঙ্ক।
ঘটনার পরপরই বুধবার রাতে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি শামিনুল হক ও তদন্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/কেআইকে