প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (JKKNIU) এবং চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (FIO), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস, চীনা-এর মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) চীনের চিংডাও-এর এফআইও প্রশাসনিক ভবনে এই স্বাক্ষর অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন, যার নেতৃত্বে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, এবং চীনের পক্ষ থেকে স্বাক্ষর করেন এফআইও-এর পরিচালক অধ্যাপক ড. লি লি। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও এফআইও-এর মহাপরিচালক অধ্যাপক ড. টিগাং লি প্রতিস্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের রিসোর্স সম্পর্কিত ভবিষ্যৎ যৌথ গবেষণা সম্ভাবনা তুলে ধরেন নজরুল বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইও-এর মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, এফআইও-এর অধ্যাপক ড. ইয়ানগুয়াং লিউ, অধ্যাপক ড. শেফা শি, অধ্যাপক ড. শিন শা এবং বিভিন্ন ল্যাবের অন্যান্য গবেষকবৃন্দ।
চুক্তি স্বাক্ষরের পরে এফআইও-এর মহাপরিচালক অধ্যাপক ড. টিগাং লি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে ক্যাম্পাস এবং 'চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি' ঘুরিয়ে দেখান এবং তাদের গবেষণালদ্ধ ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
এই সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা সম্পর্ক উন্নয়ন, জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা অনুদান ও ফেলোশিপ, ভিজিটিং স্কলার প্রোগ্রামসহ বিভিন্ন একাডেমিক ও গবেষণা সহযোগিতার পথ উন্মুক্ত হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো