প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০১ পিএম

জুলাই সনদের বাস্তবায়ন, ওই সনদের ভিত্তিতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীদের বিচার এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গড়ে তুলতে দেশজুড়ে গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এরপর ১০ অক্টোবর ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
এ সময় দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক এবিএম জাকারিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল এবং কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে থাকবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ