কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৬ AM

সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কিছু আন্তর্জাতিক মহল প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। কে কার হয়ে কাজ করছে তা স্পষ্ট নয়। বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভেতরে ও বাইরে।
তিনি আরও জানান, আগামী কয়েক মাস দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধরনের ষড়যন্ত্র সত্ত্বেও একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো আগামী অক্টোবরের মধ্যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে, যেখানে সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ বজায় রাখা প্রয়োজন, যাতে সংসদ বসার পরও তারা এ প্রক্রিয়াকে ধরে রাখে।
ড. ইউনূস আরও জানান, ইতিহাসের সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে আসন্ন জাতীয় নির্বাচনে ব্যাপক প্রচারাভিযান চালানো হবে। এর মাধ্যমে জনগণকে ভোট প্রদানের নিয়মকানুন ও প্রক্রিয়া শেখানো হবে।
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা অত্যন্ত জটিল আইনি প্রক্রিয়া উল্লেখ করে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন এ বিষয়ে সোচ্চার হয়।
তিনি বলেন, আমি আশা করি মানবাধিকার সংগঠনগুলো আওয়াজ তুলবে, যাতে বিদেশি ব্যাংকগুলো অবৈধ সম্পদ আশ্রয় না দেয়।