প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৫ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ১:৫০ PM

‘Don't Miss A Beat- প্রতিটি স্পন্দন জীবন, এখনই পদক্ষেপ নিন, জীবন বাঁচান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় হার্ট ফাউন্ডেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীম। প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মো. বদরুদ্দোজা, ডায়াবেটিক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জহিরুল ইসলাম মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. শেখ ইউনুস আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান মো. আরিফ, ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ. সামাদ, গাইনী বিভাগের কয়েকজন নারী চিকিৎসক এবং বিভিন্ন চিকিৎসা ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, ‘প্রতি পাঁচটি অকাল মৃত্যুর মধ্যে একটি হয় হৃদরোগের কারণে। বিশ্বে বছরে প্রায় ২ কোটি এবং বাংলাদেশে প্রায় পৌনে ৩ লাখ মানুষ হৃদরোগে মারা যায়। খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও স্বাস্থ্য সচেতনতার অভাব এই রোগ বৃদ্ধির জন্য দায়ী।’
বক্তারা আরও বলেন, ‘আমরা অতীত নিয়ে হতাশ হই, কিন্তু বর্তমানকে উপভোগ করি না। সুস্থ থাকতে হলে এখনই স্বাস্থ্য সচেতন হতে হবে।’
১৯৯২ সাল থেকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে নিয়মিত হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা সেবা চালু আছে। বক্তারা বলেন, ‘বিদেশের চেয়ে দেশের চিকিৎসাসেবা কোনো অংশে কম নয়। এনজিওগ্রামসহ উন্নত কার্ডিয়াক চিকিৎসার ব্যবস্থা এখানেই নিশ্চিত করা সম্ভব- এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন।
স্বদেশ প্রতিদিন/এমএম