প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় এক চোরাচালানকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪৫ হাজার টাকা।
নৌবাহিনী জানায়, দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাতিয়া উপজেলার নলছিরা ঘাট এলাকায় এই বিশেষ অভিযানটি চালানো হয়।
টহল চলাকালে নৌবাহিনীর গাড়ি লক্ষ্য করে এক ব্যক্তি স্থানীয় একটি দোকানের সামনে থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। তার আচরণ সন্দেহজনক হওয়ায় নৌবাহিনী দোকানটি তল্লাশি করে এবং বিপুল পরিমাণ অবৈধ তেলসহ বেলালের নামের ওই চোরাচালানকারীকে আটক করে।
পরবর্তীতে আটককৃত বেলালের দেওয়া তথ্যের ভিত্তিতে নলছিরা ঘাটের বিভিন্ন দোকানে একাধিক অভিযান চালানো হয়। এসব দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত ২৪ ব্যারেল এবং ২৯টি প্লাস্টিকের জেরিকেন ভর্তি মোট ৫,৩৭০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
নৌবাহিনীর এ সফল অভিযানের পর জব্দকৃত তেল এবং আটক চোরাচালানকারীকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, অবৈধ তেল ব্যবসা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করছে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। তারা বলেন, অবৈধ চোরাচালান বন্ধে তাদের তৎপরতা আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয়রা নৌবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, নলছিরা ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুদ ও বিক্রির মাধ্যমে চোরাচালান চলছিল। এসব অবৈধ ব্যবসার কারণে প্রায়ই দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতো। স্থানীয়রা আশা করছেন, এই ধরনের অভিযান চলমান থাকলে হাতিয়ায় চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্য হারে কমে আসবে।
স্বদেশ প্রতিদিন/এনআর