প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪১ AM

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল, যেখানে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই প্রতিবেশী। এর আগে তারা অনেকবার গ্রুপ পর্ব বা সুপার ফোরে মুখোমুখি হলেও কখনোই ফাইনালে দেখা হয়নি। এ কারণে এবারের ফাইনালকে ঘিরে দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ দেখা গেছে, বিশেষ করে দুবাইয়ে বসবাসরত ভারত ও পাকিস্তানের প্রবাসীদের মাঝে।
ভারত এবার পর্যন্ত মোট ১২ বার এশিয়া কাপের ফাইনালে খেলেছে, যার মধ্যে ৮ বার শিরোপা জিতেছে। অন্যদিকে পাকিস্তান ফাইনালে খেলছে ষষ্ঠবারের মতো এবং এখন পর্যন্ত তারা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে।
ভারত এবারের আসরে টানা ছয় ম্যাচে জয় পেয়ে দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে তারা দুইবার পাকিস্তানকে হারিয়েছে। পাকিস্তানও সুপার ফোরে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে জায়গা করে নেয়।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত মোট ১৫ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ১১ বার এবং পাকিস্তান ৩ বার। একটি ম্যাচ টাই হয়েছে। টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের জয় ৪টি, পাকিস্তানের ১টি।
পুরনো দিনের মতো ম্যাচ ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও তারকার ঝলক এখন কিছুটা কমে এলেও ভারত-পাকিস্তান ম্যাচের আবেদন আজও অটুট। একে ঘিরে দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের দৃষ্টি আজ দুবাইয়ের দিকে।
কয়েক দশক ধরে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন ও দ্বিপাক্ষিক সিরিজ না থাকায় এ ধরনের ম্যাচগুলোতেই উত্তেজনা ও আবেগ জমা হয়। এমন গুরুত্বপূর্ণ ফাইনালে কোন দল জয়ী হয়, সেটাই এখন দেখার বিষয়।
স্বদেশ প্রতিদিন/এমএম