প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মাহবুবার রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর প্রেসক্লাবের হলরুমে এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবার রহমানকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন ও গুণী শিক্ষক নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হন উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবার রহমান। এরপর তিনি গত ১৬ সেপ্টেম্বর রংপুর বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি’র সভাপতিত্বে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক মাহবুবার রহমানকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়।