প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৪ AM আপডেট: ২৭.০৯.২০২৫ ৭:২১ এএম

রাজধানীর লালবাগে এক ব্যাংক কর্মকর্তার গলা কাটা মরদেহ তার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নজরুল ইসলাম (৪৩)। পুলিশ হত্যার অভিযোগ মৃতের স্ত্রী ও শাশুড়ির দিকে এ ঘটনা তদন্ত করছে।
শুক্রবার বিকেলে (২৬ সেপ্টেম্বর) খবর পেয়ে লালবাগ থানার পুলিশ অত্র থানাধীন আরএনডি রোডের জমজম টাওয়ারের ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধার শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। বর্তমানে তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। তার ভাই নুরুল ইসলাম জানান, নিহত স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখায় হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় নিহত বাসার মধ্যে ছিলেন তার বৃদ্ধা মা নুর জাহান বেগম, স্ত্রী সায়মা বেগম লোভা, শাশুড়ি এবং দুই সন্তান। নুরুল ইসলাম দাবি করেছেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “আমার ভাই রুমে ছিল, বাঁচার চেষ্টা করছিল। সে স্ত্রী ও শাশুড়ির হাতে ধারালো বটির আঘাতে গুরুতর আহত হয়। বটিটা ধরেছিল তার স্ত্রী। এতে তার গলায় এবং দুই হাতসহ একাধিক জখম হয়েছে।”
পুলিশের উপপরিদর্শক এসআই দেবাশীষ তালুকদার জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে ঘটনার বিষয়ে শাস্তি দাবির পাশাপাশি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ