প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ পিএম

ইসরায়েলের উত্তরাঞ্চলে টানা প্রবল বর্ষণে ভেঙে গেছে প্রায় এক শতাব্দীর পুরোনো রেকর্ড। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নাহারিয়ায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সেপ্টেম্বর মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টির নতুন নজির। এর আগে ১৯৩২ সালের ১২ সেপ্টেম্বর জেরুজালেমের কাছের গুশ এৎজিওন এলাকায় ৯৫.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। খবর টাইমস অব ইসরায়েলের।
প্রচণ্ড বর্ষণে নাহারিয়ার গা’আতোন খালের পানি দ্রুত বেড়ে যায় এবং শহরের ড্রেনেজ ব্যবস্থায় মারাত্মক সমস্যা দেখা দেয়। এর ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে উত্তর উপকূলীয় সমভূমি, কারমেল অঞ্চল ও পশ্চিম গ্যালিলিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
হাইফার সৈকতগুলোতে পানির দূষণ ও ড্রেনেজ সমস্যা দেখা দেওয়ায় সাঁতার কাটা সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সমুদ্রতীরবর্তী এসব অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রবল বর্ষণের প্রভাবে দিনে তাপমাত্রা মৌসুমি গড়ের নিচে নেমে যাবে। এর ফলে শীতল ও অস্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
ইসরায়েলের আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অতিবৃষ্টি শুধু নতুন রেকর্ডই তৈরি করেনি, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কথাও স্মরণ করিয়ে দিয়েছে।
প্রবল বর্ষণের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেক এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। জরুরি সেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ