প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৬ AM

সৌদি আরবে জরুরি অবতরণ করেছে ইসরায়েলিদের বহনকারী একটি বিমান। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাই দুবাইয়ের এয়ারক্রাফটটি মাঝ আকাশে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রিয়াদে নামতে বাধ্য হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, স্থানীয় সময় বিকেল ৪টা ১৭ মিনিটে উড্ডয়নের পর এক ঘণ্টার মাথায় বিমানটি জরুরি অবতরণ করে। বিমানে থাকা এক ইসরায়েলি নাগরিক স্ট্রোক করলে দ্রুত তাকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, যাত্রীকে নামানোর পর বিমানটি শিগগিরই আবার যাত্রা শুরু করে এবং ইসরায়েলে পৌঁছাবে।
উল্লেখ্য, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ২০২৩ সালে সম্পর্ক স্থাপনের আলোচনায় অগ্রগতি হয়েছিল। ওই বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর পরিস্থিতি পাল্টে যায়।
হামলার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালায়। দুই বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৬৫ হাজারেরও বেশি মানুষ নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ