প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩১ AM

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৪২টি দামি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ট্রাকের ইঞ্জিনের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল ফোনগুলো। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টের ৮টি আইফোন, স্যামসাংয়ের ৫টি, ভিভোর ১২টি, রিয়েলমির ৪টি, রেডমির ৩টি, অপ্পোর ৬টি এবং ওয়ানপ্লাসের ১টি।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকের ইঞ্জিন থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে।”
কাস্টমস কর্মকর্তাদের মতে, এসব মোবাইল পণ্য আমদানির আড়ালে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ