ডাকসু নির্বাচনের মাধ্যমে মুনাফেকের ট্রেনিং সেন্টার খুলেছে একটি দল: তৌহিদুর আওয়াল
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আওয়াল বলেছেন, “ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি দল মুনাফেকের ট্রেনিং সেন্টার খুলেছে।”
তিনি আরও বলেন, মুনাফেক তাকেই বলে যার কথা ও কাজে মিল নেই। ছাত্রশিবিরের দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, মুনাফেকী করতে করতে তারা বিলুপ্তির পথে যাচ্ছে এবং বরাবরই গুপ্ত রাজনীতি করে এসেছে।
তিনি অভিযোগ করেন, পনের বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গুণ্ডা বাহিনী দিয়ে যে ত্রাসের রাজনীতি কায়েম করেছিল, আজ ছাত্রশিবিরও সেই পথে হাঁটছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে সেটিই প্রমাণিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) পাবনায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ছাত্রদল কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টিম-১২।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাজিব আহমেদ, যুগ্ম-সম্পাদক মোকছেদুল মোমিন মিথুন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন।
বক্তারা বলেন, ছাত্রদল একটি শিক্ষা ও আন্দোলনমুখী সংগঠন। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক শক্তিশালী কমিটি গঠন করে সংগঠনকে আরও গতিশীল করা হবে। এ সময় পদপ্রত্যাশীদের যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মান যাচাই করা হয়।
সাক্ষাৎকার শেষে অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. রাকিব হোসেন, সহ-সভাপতি শ্রাবণসহ জেলা ও ইউনিট পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পদপ্রত্যাশী শিক্ষার্থীরা।
স্বদেশ প্রতিদিন/শাহো