রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি) ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ককটেল ও ব্যানার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মধ্যে অধিকাংশই ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জসহ কয়েক জেলার আওয়ামী লীগ-ছাত্রলীগের সদস্য।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম বলেন, নির্বাচনের প্রস্তুতির সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তিশৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। আজকের ঝটিকা মিছিলও সেই ধরনের একটি কার্যক্রম ছিল, যা আমরা নস্যাৎ করেছি। এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ব্যানার উদ্ধার করা হয়েছে।
ডিএমপির ধারাবাহিক অভিযানে এর আগে পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নজরুল ইসলাম বলেন, আমাদের মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির সদস্যরা নিরলস পরিশ্রম করছে। এই অপতৎপরতা রুখতে নগরবাসীর সহযোগিতাও গুরুত্বপূর্ণ, এবং আজ তারা আমাদের ভালোভাবে সহায়তা করেছে।
তিনি রাজধানীবাসীর উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের আশপাশের বাসা, আবাসিক হোটেলসহ কোনো ভবনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে আমাদের জানিয়ে সহযোগিতা করুন। অগ্রিম তথ্য পেলে আমরা আরও কার্যকরভাবে তাদের মোকাবিলা করতে পারব।
গ্রেফতার ব্যক্তিদের স্থানীয় জেলা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, যাচাই-বাছাই চলছে। তবে প্রাথমিকভাবে বলা যায়, অধিকাংশ গ্রেফতারকৃত নেতাকর্মী ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে এসেছে।