প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৬ AM আপডেট: ২৪.০৯.২০২৫ ৮:২৪ এএম

গাজার দিকে যাত্রা করা আন্তর্জাতিক সাহায্যকারী নৌযানগুলোর কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ইসরায়েলি ড্রোনের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই মানবিক সহায়তা মিশনটি টিউনিসিয়া, গ্রিসসহ বিভিন্ন দেশ থেকে যাত্রা শুরু করে। বর্তমানে তাদের বেশিরভাগ জাহাজ একত্রে গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিয়ে এগোচ্ছে বলে লাইভ ট্র্যাকারের মাধ্যমে জানা গেছে।
জাহাজগুলো তাদের মেরিন রেডিও যোগাযোগ ব্যবস্থায় বারবার বিঘ্নের সম্মুখীন হচ্ছে। তারা জানিয়েছে, তাদের ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) রেডিওতে জ্যামিং বা সংকেত ব্যাহত করার চেষ্টা চলছে।
এই মানবিক যাত্রায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেছেন, ‘ইসরায়েল আমাদের ভয় দেখিয়ে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে।’
তারা আরও বলেন, ‘গাজার জনগণের খাদ্যাভাব ও কষ্টকে দীর্ঘায়িত করতে ইসরায়েল ও তার সহযোগীরা যে সীমা অতিক্রম করছে তা খুবই নিকৃষ্ট।’
এছাড়াও, ফ্লোটিলা মিশনের স্বেচ্ছাসেবীরা জানান, ইসরায়েলি ড্রোন একবার নয়, বহুবার তাদের জাহাজের আশেপাশে দেখা গেছে।
এই ফ্লোটিলা গাজার ওপর চলমান অবরোধ ভাঙার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা
স্বদেশ প্রতিদিন/এমএম