প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর মহাখালীর আমতলীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ‘গুলশান পেট্রোল পাম্পে’ এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— গুলশান ক্লিন অ্যান্ড কেয়ার প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮); অন্য একটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।
দগ্ধ স্বপন মোল্লা জানান, ওই পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কার করার জন্য তাদের নিয়ে যাওয়া হয়। ট্যাংকের তেল বের করে দেওয়ার পর ভেতরে নেমে তারা পরিষ্কারের আগে বৈদ্যুতিক ফ্যান দিয়ে গ্যাস বের করছিলেন। একপর্যায়ে ফ্যান বন্ধ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের আশপাশে থাকা সাতজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। বিস্ফোরণের পরপরই আগুন নিভে যায়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সাতজনকেই জরুরি বিভাগে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে দগ্ধের চিহ্ন রয়েছে। তবে কার কত শতাংশ পুড়েছে তা বিস্তারিত জানাতে কিছুটা সময় লাগবে।
স্বদেশ প্রতিদিন/এনআর