প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৯ পিএম

সরকার ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এই আমদানি ব্যয় হবে ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা। প্রতি ব্যারেলের মূল্য ধরা হয়েছে ৫.২০ মার্কিন ডলার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই অকটেন আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ৫০ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানি করা হবে।
২০২৫ সালে দেশের আপৎকালীন মোট গ্যাসোলিন ৯৫ আনলেডেডের চাহিদা প্রাক্কলন করা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টন। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার টন জিটুজি ভিত্তিতে, ১ লাখ ২৫ হাজার টন আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে এবং বাকি ৪ লাখ টন স্থানীয়ভাবে সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন থেকে ৫০ হাজার টন অকটেন আমদানি করা হবে। এই প্রক্রিয়ায় প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইসসহ প্রতি ব্যারেলের মূল্য ধরা হয়েছে ৫.২০ মার্কিন ডলার।
জ্বালানি তেল আমদানির অর্থায়ন করা হবে বিপিসির নিজস্ব বাজেট বরাদ্দ, জ্বালানি তেল বিক্রয়লব্ধ অর্থ এবং অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের মাধ্যমে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ