প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম

বগুড়ায় ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার উপযোগী পরিবেশ বজায় রাখতে কলেজ শাখার পাঠদানের অনুমোদন বাতিল এবং সকল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা প্ল্যাকার্ড হাতে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধুমাত্র নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে বিগত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ কলেজ শাখার অনুমোদন নিয়েছিলেন। অথচ স্কুল শাখার শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই, জায়গারও তীব্র সংকুলান চলছে। বিদ্যালয়ে আজও নেই ছাত্রীদের জন্য আলাদা কমন রুম, নেই বিজ্ঞান বিভাগের বিষয়ভিত্তিক পৃথক ল্যাবরেটরি। একই সঙ্গে মানসম্মত ক্যান্টিনও চালু হয়নি। ফলে শিক্ষার্থীরা বাইরে অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য হয় এবং প্রায়ই অসুস্থ হয়ে পড়ে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের স্বল্প পরিসরে স্কুল শাখা চালানোই যেখানে কঠিন, সেখানে ঘুষ দিয়ে নীতিমালা বহির্ভূতভাবে কলেজ শাখার অনুমোদন আনা হয়েছে। তাই কলেজ শাখার পাঠদানের অনুমোদন বাতিল করা জরুরি।
এছাড়া বিগত সরকারের সময় স্কুলের জায়গায় মার্কেট নির্মাণ, কলেজ শাখায় নিয়োগের নামে ১২ থেকে ১৬ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া, বিদ্যালয়ের উন্নয়নের নামে অর্থ লুটপাটসহ নানা অভিযোগ তুলে তারা সকল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের একাংশ জানান, বিদ্যালয়ের দুই শিফটে প্রতিটি শ্রেণিকক্ষে গাদাগাদি করে ক্লাস করতে হয়। নিজেদের এত সমস্যার সমাধান না করে কলেজ শাখা পরিচালনা করা অযৌক্তিক। তারা পড়াশোনার জন্য একটি সুন্দর ও উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ