প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৫:০১ PM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার উদ্যোগ নিয়েছে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ডাকসু নির্বাচন ও মোদি বিরোধী আন্দোলনে পাশাপাশি থাকা তরুণদের এই দুটি দল এখন একটি প্ল্যাটফর্মে আসতে চাইছে।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনায় দুই দলই ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, “যদি কোনো শর্ত ছাড়াই ঐক্যবদ্ধভাবে নতুন যাত্রা শুরু হয়, তবে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”
দুই দলের নেতাদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ও আন্দোলনে অংশগ্রহণ থাকায় একীভূত হওয়ার প্রক্রিয়া সহজ হয়েছে বলে মনে করছেন নেতারা। বিশেষ করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও তারা একসঙ্গে কাজ করেছিলেন।
তবে নাম ও নেতৃত্ব নিয়ে এখনও সমাধান হয়নি। এনসিপি তাদের নাম পরিবর্তন করতে রাজি নয়। সূত্র মতে, একীভূত হলে দলটির নাম থাকবে এনসিপি এবং আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন। অন্যদিকে গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরকে দেওয়া হবে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদ। বর্তমানে নুর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন, দেশে ফেরার পর আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “গঠন প্রক্রিয়া ও আদর্শগত দিক থেকে দুই দলের মধ্যে মিল রয়েছে। উভয় দলই তারুণ্যনির্ভর।”
অপরদিকে যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ জানান, এনসিপির নাম পরিবর্তন হবে না। তিনি বিশ্বাস করেন, তরুণদের ঐক্যবদ্ধ শক্তি বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ