প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৯ AM

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্যারিসের থিয়েটার দ্য শাতলিয়েতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে ঘোষণা হবে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। কে হবেন বর্ষসেরা ফুটবলার- তা নিয়ে চলছে শেষ মুহূর্তের জোর আলোচনা।
এবারের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। পিএসজিকে ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। পুরো মৌসুমে ৫৩ ম্যাচে করেছেন ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট। চ্যাম্পিয়নস লিগের ১৫ ম্যাচে করেছেন ৮ গোল। দলগত অর্জনেও ছিলেন সেরা।
তবে রাফিনহাকেও বিবেচনায় রাখতে হচ্ছে। বার্সেলোনাকে লা লিগা, কোপা দেল রে এবং সুপার কাপ এনে দেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল তার। ৫৭ ম্যাচে করেছেন ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্ট।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনা করবেন সাবেক ব্যালন ডি’অর জয়ী রুড গুলিট ও ক্রীড়া সাংবাদিক কেট স্কট।
এবারের ব্যালন ডি'অর নিয়ে বিতর্ক নেই গেল বারের মতো। তার চেয়ে বরং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। একটা সময় মনেই হচ্ছিলো বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাফিনিয়ার হাত ধরে বর্ষসেরা ফুটবলারের সবচেয়ে মর্যাদার আর গ্রহণযোগ্য পুরস্কার যাবে ব্রাজিলে। তবে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে শেষ মুহুর্তে সব সমীকরণ বদলে দিয়েছেন উসমান দেম্বেলে। আলোচনার টেবিলে আগামীর তারকা লামিন ইয়ামালকে নিয়েও ঝড় উঠেছে বেশ।
গেল মৌসুমে নতুন এক ফুটবল বিষ্ময়ের উত্থান দেখেছে ক্লাব বিশ্ব। ফুটবল ক্লাব বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে যার ছিলো অসামান্য অবদান। ৫৫ ম্যাচে তার ১৮ গোল অনেকের কাছেই হয়তো সামান্য। কিন্তু যদি বলা হয় এর সঙ্গে ছিলো আরও ২৫টি অ্যাসিস্ট, তবে বিবেচনায় নিতেই হবে আগামীর তারকাকে। তবে বয়স আর পারফরম্যান্স বিবেচনায় হয়তোবা সরাসরি ব্যালড ডি'অরের বদলে তাকে সেরা উদীয়মানের তালিকায় রাখবেন বোদ্ধারা। ব্যালন ডি'অর জয়ের ৩০ জনের তালিকায় মোহাম্মদ সালাহ, হ্যারি কেইনদের মতো বড় তারকাদের নাম থাকলেও এবার সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে এই তিন জনকে ঘিরেই।
স্বদেশ প্রতিদিন/এমএম