প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০০ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ৬:০১ PM

সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একপর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
শনিবার বিকেল ৪টার দিকে জুবেরী ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ কয়েকজন আহত হন।
এর আগে দুপুরে শিক্ষার্থীরা উপ-উপাচার্যদের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। ফলে বাসভবনে ঢুকতে না পেরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ফিরে আসেন। পরে তারা জুবেরী ভবনের দিকে গেলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে সেখানে পৌঁছান।
জুবেরী ভবনের বারান্দায় পৌঁছালে শিক্ষার্থীদের সঙ্গে এক শিক্ষক ও ছাপাখানার এক কর্মকর্তার ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে শিক্ষার্থীরা ঘিরে ফেলেন। পরে তিনি ভবনের দ্বিতীয় তলায় উঠলেও শিক্ষার্থীরা সেখানে তাকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ কয়েকজন শিক্ষক উপস্থিত হন।
বিষয়টি জানতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে গতকাল পোষ্য কোটা বাতিলের দাবিতে এক শিক্ষার্থী অনশন শুরু করলে আরও কয়েকজন এতে যোগ দেন। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে টায়ারে আগুন জ্বালিয়েও তারা প্রতিবাদ জানান।
স্বদেশ প্রতিদিন/এনআর