প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৮ পিএম

প্রতীকী ছবি
চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দ্রুতগতির একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। পরে তার পকেট থেকে উদ্ধারকৃত ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/এনআর