প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৬ AM

সারা দেশের অধিকাংশ অঞ্চলে আগামী পাঁচ দিনের মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বিশেষত ২৪ সেপ্টেম্বর উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, যা পরবর্তী আবহাওয়ার ধরনকে প্রভাবিত করতে পারে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে সিনপটিক অবস্থার বর্ণনায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
শুক্রবার রাত থেকে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণের শঙ্কাও রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার থেকে সোমবার (২০–২২ সেপ্টেম্বর) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এই দুই দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম হলেও পরে তা বৃদ্ধি পেতে পারে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ