প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ শিয়ালগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। বিদ্যালয়ের ৯২ জন শিক্ষার্থীর জন্য কর্মরত আছেন মাত্র একজন শিক্ষক।
বিদ্যালয়টিতে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ‘আমি একাই দুই শিফটে সব শ্রেণির ক্লাস নিই। কখনও অফিসের কাজ থাকলে স্কুল বন্ধ রাখতে হয়। একার পক্ষে সব কিছু সামলানো খুবই কষ্টকর হয়ে পড়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের দক্ষিণ শিয়ালগুনি গ্রামে ১৯৮৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে সরকারিকরণ হয় বিদ্যালয়টি। বর্তমানে ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯২ জন এবং শিক্ষক পদসংখ্যা ৬টি, এর মধ্যে মাত্র একজন শিক্ষক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
জানা গেছে, কাওসার হোসেন নামে এক সহকারী শিক্ষক গত বছরের নভেম্বর থেকে পিটিআই ট্রেনিং করেছেন, অপর দুজন সহকারী শিক্ষকের মধ্যে একজন নুসরাত জাহান আছেন ৬ মাস ধরে মাতৃত্বকালীন ছুটিতে এবং আরেকজন শিক্ষক মাধবী আক্তার এক বছর ধরে সাসপেনশনে আছেন। বাকি দুজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক একজন এবং সহকারী শিক্ষক একজনের পদ শূন্য রয়েছে।
বিদ্যালয়ে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘দুই শিফটে ক্লাস হয়। কোনো ভাবে চালাই। আবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কাজ থাকলে স্কুল ছুটি দিয়ে যায়। এ ছাড়া করার তো আর কিছু নাই।’
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন গণমাধ্যমকে জানান, উপজেলায় দুই সপ্তাহ হলো যোগদান করেছি। বিদ্যালয়ে শিক্ষক সংকটের বিষয়টি আমার জানা নেই। দ্রুত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম