প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩১ AM

নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের শাস্তি আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ সংশোধন করে নতুন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, নির্বাচনসংক্রান্ত আইন সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনের কার্যক্রম আরও কার্যকর হবে এবং কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা যাবে। এ সময় উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন।
সংশোধিত আইনের মূল দিকগুলো
১. নির্বাচনী দায়িত্ব পালনে অস্বীকৃতি: গ্রহণযোগ্য কারণ ছাড়া দায়িত্ব না নিলে আগে ছিল সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা। নতুন আইনে জরিমানার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে সর্বোচ্চ ১ লাখ টাকা।
২. অসদাচরণ: আগে ছিল সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা ২ হাজার টাকা জরিমানা। এখন তা বাড়িয়ে করা হয়েছে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।
৩. অসদাচরণের সংজ্ঞা সম্প্রসারণ: কমিশন বা রিটার্নিং কর্মকর্তার আদেশ অমান্য, আইন ইচ্ছাকৃত লঙ্ঘন বা দায়িত্বে অবহেলা—এসবকে নতুনভাবে অসদাচরণের আওতায় আনা হয়েছে।
সভায় প্রথম দফায় নেওয়া ১২১টি সংস্কার প্রস্তাবের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এর মধ্যে ২৪টি সংস্কার বাস্তবায়িত হয়েছে, ১৪টি আংশিক বাস্তবায়িত এবং বাকি প্রস্তাব বাস্তবায়নের পথে রয়েছে। আগামী মাসের মধ্যে সব সংস্কার সংকলন আকারে একটি বুকলেট প্রকাশের পরিকল্পনাও রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ