প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৯ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৬:৪৫ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচআনী গ্রামের শতাধিক বাসিন্দা- কুখ্যাত ডাকাত, মাদক কারবারি ও সন্ত্রাসী মনির মেম্বারকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করে বলেন, মনির মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার ভয়ে পুরো এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
গত ১০ আগস্ট র্যাব-১১ এর এক অভিযানে মনির মেম্বার ও তার ছয় সহযোগীকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার, দা ও ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কিন্তু কিছুদিনের মধ্যেই মনির জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজন জানান, ৭ সেপ্টেম্বর মনির মেম্বার স্থানীয় এক যুবক সোলাইমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সাড়া না পেয়ে তাকে অপহরণ করে মারধর করা হয়।
১১ সেপ্টেম্বর ইমরান হোসেন নামের আরেক যুবককে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালায় মনির ও তার লোকজন।
বিক্ষুব্ধ এলাকাবাসী আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড থেকে মেঘনা ঘাট পর্যন্ত চলা ডাকাতির সাথেও জড়িত মনির মেম্বার। সে পুরো ইউনিয়নে ভয় আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রশাসন দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক- এটাই আমাদের দাবি।’
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ‘মনির মেম্বারের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, হত্যা চেষ্টা, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম