প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ AM আপডেট: ১৮.০৯.২০২৫ ৮:০৪ PM

সংগৃহীত ছবি
মিশরের কায়রোর একটি জাদুঘর থেকে প্রায় তিন হাজার বছর পুরনো ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়েছে। এই ব্রেসলেটটি ফেরাউন আমেনেমোপের মালিকানায় ছিল এবং ল্যাপিস লাজুলি পাথরে সজ্জিত। সর্বশেষ এটি জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবরেটরিতে দেখা গিয়েছিল।
মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজের খবর আইনশৃঙ্খলা বাহিনী ও জন অভিযোগ দপ্তরে পাঠানো হয়েছে। দেশের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থলবন্দর কর্তৃপক্ষকে ব্রেসলেটের ছবি সরবরাহ করা হয়েছে, যাতে এর পাচারের চেষ্টা আটকানো যায়।
জাদুঘরের মহাপরিচালক জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ব্রেসলেটের ছবি ভাইরাল হয়েছে, তা প্রদর্শনীর অন্য একটি ব্রেসলেট; নিখোঁজ ব্রেসলেটটি তা নয়।
ঐতিহাসিকরা জানান, ব্রেসলেটটির মালিক ছিলেন আমেনেমোপে, যিনি খ্রিষ্টপূর্ব ১০৭৬ থেকে ৭২৩ সালের মধ্যে মিশরের ২১তম রাজবংশের শাসক ছিলেন। তাকে প্রথমে সাধারণ কক্ষে দাফন করা হয়েছিল, পরে শক্তিশালী শাসক প্রথম পসুসেনেসের পাশে দ্বিতীয়বার দাফন করা হয়। তার সমাধি ১৯৪০ সালে আবিষ্কৃত হয়।
বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রত্নতত্ত্ববিদ ক্রিস্টোস সিরোজিয়ানিস বলেছেন, এই ধরনের ঘটনার মূল কারণ হলো অবৈধ প্রত্নসম্পদ ব্যবসা।
তিনি বলেন, চোরেরা ব্রেসলেটটি হয় পাচার করে বিক্রি করবে, গলিয়ে ফেলবে, অথবা কোনো ব্যক্তিগত সংগ্রাহকের কাছে জমা করবে। আবার কয়েক দিনের মধ্যে জাদুঘরের আশপাশে ফেলে রাখলে এটি উদ্ধারও হতে পারে।
এই ঘটনার পর, জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবের অন্যান্য প্রত্নবস্তু বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তালিকাভুক্ত ও পর্যালোচনা করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সূত্র: বিবিসি