প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ AM

সংগৃহীত ছবি
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর জানিয়েছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই সাড়ে ৩ হাজার চিকিৎসক কর্মজীবনে যোগ দেবেন। ইতোমধ্যে পিএসসি ও স্পেশাল বিসিএস থেকে নিয়োগের সুপারিশ পাওয়া গেছে। পুলিশ ভেরিফিকেশনসহ প্রশাসনিক কার্যক্রম শেষ হলেই এ মাসের মধ্যেই তারা কাজে যোগ দিতে পারবেন।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে তিনি এ তথ্য জানান।
ডিজি আবু জাফর বলেন, সাড়ে ৩ হাজার চিকিৎসকের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। একই সঙ্গে আরও ৩ হাজার ৮০০ চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলছে, যা ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, বর্তমানে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ১২ হাজার ৩৯৭টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৩৮তম বিসিএসে ৩ হাজার ১২০ জন চিকিৎসক সুপারিশ পেয়েছেন। যার মধ্যে ৩০০ জন ডেন্টাল সার্জন ও বাকিরা সহকারী সার্জন। ধাপে ধাপে শূন্য পদ পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।