প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৭ AM

সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জ থেকে ছয়জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে ভারতীয় জলদস্যুরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মামুন্দো নদীর মারডাঙ্গা খাল ও বৈকেরি নদীর সংযোগস্থল হরিণটানা খাল থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।
অপহৃতদের মধ্যে রয়েছেন শ্যামনগরের রাশিদুল ইসলাম (৩৫) ও আতাউর রহমান (৩২)। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চারজনের পরিচয় এখনো প্রকাশ হয়নি। নৌকার মালিক মমতাজ ভাঙি ও মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, নয় সদস্যের জলদস্যু দলটি চারটি আগ্নেয়াস্ত্র ও একটি ভারতীয় নৌযান নিয়ে হামলা চালায়। সকালে রাশিদুল ও আতাউরকে অপহরণের পর দুপুরে আরও চারজনকে তুলে নেয় তারা। তবে এখনো পর্যন্ত মুক্তিপণের কোনো নির্দিষ্ট অঙ্ক দাবি করেনি।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে গ্রামবাসী ও পুলিশ সীমান্ত নদীতে অভিযান চালানোর চেষ্টা করে। কিন্তু বিজিবির মধ্যস্থতায় তারা ফিরে আসে। অপহৃতদের সহযাত্রী জেলেরা জানিয়েছেন, জলদস্যুরা নিজেদের ভারতের কাজল-মুন্না বাহিনীর সদস্য পরিচয় দিয়েছে।
এর আগে একই বাহিনীর তিন সদস্যকে যশোর থেকে গ্রেফতার করেছিল পুলিশ। তারা স্বীকার করেছিল, মুক্তিপণের টাকা ভারতেই পাঠানো হয়। এ ঘটনার পর নতুন করে জেলে অপহরণে উদ্বেগ বেড়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থলে গেলেও পরে ফিরে এসেছে। তবে অপহৃতদের উদ্ধারে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ