প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫০ AM

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের রদবদল শুরু হয়। সে সময় গভর্নর, দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও গভর্নরের নীতি উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। তবে তারা সবাই ছিলেন চুক্তিভিত্তিক কর্মকর্তা। এবারই প্রথম একজন নিয়মিত কর্মকর্তা পদত্যাগ করলেন।
মেজবাউল হক দীর্ঘদিন ধরে পেমেন্ট সিস্টেম, আইটি ও অফসাইট সুপারভিশনের মতো গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ডিসেম্বরে তিনি নির্বাহী পরিচালক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পান। তবে তার দায়িত্ব পালনের সময় নানা অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে।
বিশেষ করে, ২০১৬ সালের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তার নাম উঠে আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। অভিযোগ ছিল, ঘটনার পর তিনি বিদেশি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আইটি রুমে প্রবেশের অনুমতি দিয়েছিলেন, যা তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
তৎকালীন সরকারের ঘনিষ্ঠ মহলে তার প্রভাব ছিল বলে অনেকে মনে করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত ছিলেন। তবে সরকারের পতনের পর তাকে ঢাকার প্রধান কার্যালয় থেকে রাজশাহীতে বদলি করা হয়।
প্রায় তিন দশকের বেশি সময় ধরে ব্যাংকিং ক্যারিয়ারে যুক্ত মেজবাউল হক ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ